রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত
দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৫ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
শুক্রবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৭ মে) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ দাঁড়ায় ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
এর আগের দিন বুধবার বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
গত কয়েক মাসে ধারাবাহিকভাবে রিজার্ভ বেড়েছে। গত ৯ এপ্রিল বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার, যা ১৫ এপ্রিল বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলারে। ১৬ এপ্রিল তা আরও বেড়ে হয় ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
এ ছাড়া ২৩ এপ্রিল রিজার্ভ ছিল ৩০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এবং গত রোববার ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতেও রিজার্ভ তুলনামূলক কম ছিল। গত ৮ জানুয়ারি আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। সে তুলনায় বর্তমানে রিজার্ভ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
