সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে হুমকি, থানায় জিডি
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:৪৩ পিএম
প্রতীকী ছবি
মানিকগঞ্জের সিংগাইরে প্রকাশিত সংবাদের জেরে দুই সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মীদ্বয়ের মধ্যে মো. সোহরাব হোসেন গতকাল বৃহস্পতিবার (৭ মে) নিরাপত্তাহীনতায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, মো. সোহরাব হোসেন “বাংলাদেশ মেইল ২৪” অনলাইন নিউজ পোর্টালে সিংগাইর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। সেই সঙ্গে তিনি নয়াদিগন্ত পত্রিকার সংবাদদাতা ও সিংগাইর প্রেসক্লাবের সভাপতি। অপর সংবাদকর্মী হলেন প্রতিদিনের সংবাদ ও দৈনিক ইনকিলাব পত্রিকার সিংগাইর উপজেলা সংবাদদাতা এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান বিশ্বাস।
বৃহস্পতিবার (৭ মে) “সিংগাইরে ভিটেবাড়ি উচ্ছেদে দোকানঘরে মা-মেয়ের মানবেতর জীবন!” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে সাংবাদিক সোহরাব হোসেন তার ব্যক্তিগত “Sohrab Press” নামের ফেসবুক আইডি থেকে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
দায়ের করা জিডিতে বলা হয়, ওই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মৃত জব্বারের ছেলে মিলন খান (৩৯) তার “Milon Khan” নামীয় ফেসবুক আইডি থেকে সংবাদটির প্রতিক্রিয়ায় কমেন্টে লেখেন- “সাংবাদিক সোহরাব ও রাকিব যে রিপোর্ট আমার নামে করছেন, তার উপযুক্ত প্রমাণ দিতে না পারলে আমি আইনের আশ্রয় নেব। আপনারা যে আমার কাছে চাঁদা চেয়েছিলেন, তার প্রমাণ রেকর্ডসহ আমার কাছে আছে।”
সাংবাদিকদ্বয়ের দাবি, সংবাদটি দেশের প্রথম শ্রেণির বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ফলাও করে স্বচিত্র সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত সংবাদের পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্যের মাধ্যমে তাদের প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন ও মানহানি করা হয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় সুযোগ বুঝে তাদের শারীরিক বা অন্য কোনো ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
অভিযুক্ত মিলন খান দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবাধ ও নিরাপদে সংবাদ পরিবেশনের বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
