স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় যুবদল নেতা মোমেনকে (২৮) সুইচ গিয়ার দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশার সাইড দেওয়া নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক বিল্লাল হোসেনের বিরোধ তৈরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।
বিরোধ মীমাংসায় সোমবার দুপুরে বরুণা এলাকায় বিচার সালিশ বসে। সালিশ চলাকালীন উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়লে মুহূর্তেই তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষের এক পর্যায়ে মোমেনকে সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে জখম করা হয়। মোমেনসহ আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও জেলা নেতা বিল্লাল হোসেন একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
