ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি : ভোরের কাগজ
মানিকগঞ্জে ফসলি জমির মাটি অবৈধভাবে কাটা বন্ধের দাবিতে ঝাড়ু, কাস্তে ও লাঠি হাতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা–আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চামটা ও খাগড়াকুড়ি গ্রামের কয়েকশ নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। পুরুষরা মাথাল ও কাস্তে হাতে মানববন্ধনে দাঁড়ান, আর নারীরা ঝাড়ু ও লাঠি নিয়ে “মাটি খেকো” চক্রের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দেন। এক বিক্ষোভকারী মহাসড়কের ওপর শুয়ে পড়ে প্রতিবাদ জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে। এতে আবাদি জমি গর্তে পরিণত হচ্ছে এবং ভবিষ্যতে ধসের ঝুঁকি তৈরি হচ্ছে। এর ফলে কৃষি উৎপাদনও কমে যাচ্ছে বলে তারা দাবি করেন।
তরা ব্রিজ এলাকায় অবস্থান নেওয়ার কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, বারবার অভিযোগ করেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করেছেন। প্রভাবশালী চক্রটি ভয়ভীতি দেখিয়ে মাটি উত্তোলন করছে বলেও অভিযোগ করা হয়।
বিক্ষোভকারীরা মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে বলেন, ফসলি জমি রক্ষায় প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
