×

অপরাধ

কুষ্টিয়ায় পীর হত্যায় মামলা, আসামি জামায়াত-খেলাফত নেতাকর্মী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

কুষ্টিয়ায় পীর হত্যায় মামলা, আসামি জামায়াত-খেলাফত নেতাকর্মী

ছবি: নিহত পীর শামীম রেজা জাহাঙ্গীর

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যা ঘটনায় অবশেষে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করে হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন। এ সময় নিহত শামীম রেজার আরও দুই ভাই উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা চারজন হলেন— দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন খাজা আহম্মেদ, স্থানীয় জামায়াত কর্মী রাজিব মিস্ত্রি, খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং মাদরাসা শিক্ষক সাফি।

এছাড়া তাদের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তি হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শামীম রেজা হত্যা ঘটনায় তার বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, পুরোনো একটি ভিডিও নতুন করে ছড়িয়ে হামলার উসকানি দেওয়া হয়। যেসব আইডি ও পেজ থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে, সেগুলোর কয়েকটির অ্যাডমিন শনাক্ত করা হয়েছে। এসব আইডির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও দেখে হামলা ও ভাঙচুরে জড়িতদের শনাক্ত করছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার ‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফে’ ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। পরে ক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে পীর দাবি করা শামীম রেজাকে (জাহাঙ্গীর) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে কঠোর নিরাপত্তার মধ্যে স্থানীয় দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। শুরুতে হামলাকারীদের ভয়ে নিহতের পরিবার মামলা করতে অনাগ্রহী ছিল বলে জানা যায়। তবে পরে পুলিশের চাপে নিহতের বড় ভাই ফজলুর রহমান মামলার বাদী হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App