ঈদের পর মুরগি-মাছের বাজারে স্থিতিশীলতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত
ঈদ পরবর্তী বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০ টাকা কমে ১৯০ টাকায় নেমেছে। তবে সোনালী মুরগি, লেয়ার, পাকিস্তানি কক ও দেশি মুরগির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর উত্তরার সমবায় বাজারে দেখা গেছে, লেয়ার মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, সোনালী মুরগি ৩৬০ টাকা, পাকিস্তানি মুরগি ৩৯০ টাকা এবং দেশি মুরগি আকারভেদে ৫৫০–৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, ব্রয়লারের সরবরাহ কিছুটা বেড়ে যাওয়ায় দাম কমেছে। অন্য মুরগির চাহিদা স্থিতিশীল থাকায় দাম অপরিবর্তিত। গরুর মাংস প্রতি কেজি ৭৫০–৮৫০ টাকা, খাসির মাংস ১,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে সরবরাহ কম থাকলেও দাম আগের মতোই রয়েছে। রুই বিক্রি হচ্ছে ৩৫০–৪২০ টাকা, কাতলা ৩২০–৩৮০ টাকা, তেলাপিয়া ২০০–২৮০ টাকা, পাঙ্গাস ১৮০–২৫০ টাকা এবং শিং ও মাগুর ৫৫০–৭৫০ টাকায়। চাষ ও দেশি কই ৩০০–৬০০ টাকা, বোয়াল ও চিতলসহ বড় মাছ ৮০০–১,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০–৩৫০ টাকা, কাঁচকি ৪৫০–৫০০ টাকা, মলা ৩০০–৩৫০ টাকা, পাবদা ৩০০–৬০০ টাকা এবং গলদা চিংড়ি আকারভেদে ৬৫০–৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ ও চাহিদার সামঞ্জস্য থাকায় বাজারে দাম স্থিতিশীল, বিশেষ করে ঈদের পর ব্রয়লার মুরগির দামের সামান্য পতন ছাড়া অন্য কোনো বড় ওঠানামা হয়নি।
