মেঘনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
গত ২৬ এপ্রিল রমিজ উদ্দিন লন্ডনীকে আহ্বায়ক ও এম এম মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা মেঘনা উপজেলা বিএনপিকে আগামী দিনে সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত এই আহ্বায়ক কমিটি দলকে একটি নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করছি। ব্যক্তিগত দ্বন্দ্ব-সংঘাত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থাকতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে, তাই নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আগামী দিনে মেঘনা উপজেলাকে একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে সবাইকে নিষ্ঠা, সততা ও ঐক্যের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
সদস্য সচিব এম এম মিজানুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, প্রফেসর শহিদুল ইসলাম, দিলারা শিরিন, জহিরুল ইসলাম, আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
