গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় : চিফ প্রসিকিউটর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল। গুমের অভিযোগ ইতোমধ্যে ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল, তাই আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না। গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই করা সম্ভব।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন : দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে সংসদে যা জানালেন জ্বালানিমন্ত্রী
চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা হয়, এ কারণে আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কাছে গুম অধ্যাদেশটি একটি অপ্রয়োজনীয় আইন ছিল। তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত হওয়া সঠিক ও যথার্থ পদক্ষেপ।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ সুগম করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
