অনিশ্চয়তায় বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি- সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের আর মাত্র ৩৩ দিন বাকি। কিন্তু বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এবার ঘরে বসে খেলা দেখতে পারবেন কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল ৮ মে পর্যন্ত দেশের কোনো টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্ম ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব নিশ্চিত করতে পারেনি।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর প্রতিবেদন অনুযায়ী, উচ্চমূল্য, বিজ্ঞাপন আয়ের সীমিত সুযোগ এবং ম্যাচের সময়ের পার্থক্যের কারণে সম্প্রচারমাধ্যমগুলো এখনো এগিয়ে আসেনি। বাংলাদেশে এবারের বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কাছে ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫১ কোটি টাকা) দাবি করেছে। কর ও ভ্যাটসহ এই খরচ ২০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান আর্থিক পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এখনই স্বত্ব কেনার আগ্রহ নেই। মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে বিশ্বকাপের পেছনে যে অর্থ ব্যয় হয়েছিল, তার এক-দশমাংশও উঠে আসেনি। সরকারি চ্যানেলে খেলা দেখানো গেলে ভালো হতো, তবে দেশের বর্তমান বাস্তবতায় সরকার বিষয়টি নিয়ে ভাবছে না।’ তবে বেসরকারি কেউ এগিয়ে এলে সরকার তা বিবেচনা করতে পারে।
২০২২ কাতার বিশ্বকাপে বিটিভি, টি স্পোর্টস, জিটিভি ও টফি সরাসরি খেলা দেখিয়েছিল। এবার পরিস্থিতি ভিন্ন। জানা গেছে, টি স্পোর্টস ও স্টার নিউজ কম দামে স্বত্ব নিতে আগ্রহী হলেও স্প্রিংবক তাদের দাবিতে অটল রয়েছে। বেসরকারি মাধ্যমগুলোর মতে, বিটিভি খরচ ভাগ না করলে বাংলাদেশের বাজারের জন্য এই দাম মোটেও যৌক্তিক নয়।
ম্যাচের সময়সূচিও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবারের ১০৪টি ম্যাচের মধ্যে ৫২টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টার আগে, বাকিগুলো ভোর ৪টার পর। এই সময়ে খেলা হলে বিজ্ঞাপন থেকে খরচ তোলা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিটিভির এক কর্মকর্তা জানিয়েছেন, ফিফার কাছে বিনা মূল্যে ফিড পাওয়ার চেষ্টা করেও এখনো সাড়া মেলেনি। কেবল বাংলাদেশ নয়, ভারত ও চীনের মতো দেশেও সম্প্রচারস্বত্ব নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ১১ জুন পর্দা উঠবে ৪৮ দলের বিশ্বকাপের। হাতে সময় খুব কম থাকলেও সমাধান না মেলায় বড় পর্দার রোমাঞ্চ মিস করার শঙ্কায় আছেন কোটি ফুটবল ভক্ত।
