বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি- সংগৃহীত
অফিস-আদালতে বসে কাজ করার দিন শেষ! এবারের গ্রীষ্মে আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় চাকরির খবর নিয়ে এলো ফক্স স্পোর্টস ও জব সাইট ইনডিড। কোনো কর্পোরেট মিটিং নয়, যেখানে কাজ হবে স্রেফ বসে বসে ফুটবল বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা!
এমনই এক চাকরির বিজ্ঞতি দিয়েছে ফক্স স্পোর্টস। জব সাইট ইনডিডের মাধ্যমে আবেদন করতে হবে এই চাকরির জন্য। পরে আবেদনকারীদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ হিসেবে।
যিনি পুরো বিশ্বকাপের ১০৪টি ম্যাচের প্রতিটি মিনিট দেখার জন্য পারিশ্রমিক হিসেবে পাবেন ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬১ লাখ টাকার বেশি।
এটিকে বলা হচ্ছে গ্রীষ্মের বাজারের সেরা চাকরি। তবে শর্ত একটাই, বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে তৈরি একটি বিশেষ ‘গ্লাস কিউব’ বা কাঁচের ঘরের ভেতর বসে দেখতে হবে খেলা।
এই চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচারকে ২০২৬ ফিফা বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচই দেখতে হবে ফক্স ওয়ান স্ট্রিমিং প্ল্যাটফর্মে। খেলা দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরি করে শেয়ার করতে হবে।
মূলত টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা হাজার হাজার পর্যটক ও পথচারীদের জন্য প্রতিটি ম্যাচকে একটি ‘লাইভ ওয়াচ পার্টি’তে রূপান্তর করাই হবে কাজ। আবেদনের প্রেক্ষিতে আগামী ৬ জুন ঘোষণা করা হবে চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার চাকরি পাওয়া ব্যক্তির নাম।
পরে আগামী ১১ জুন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আসর। ৪৮টি দলের এই ফুটবল মহাযজ্ঞ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে চলবে ১৯ জুলাই পর্যন্ত।
