জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি- সংগৃহীত
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমে সালমা খাতুনকে টপকে বাংলাদেশকে সর্বোচ্চ ৬৬ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে অধিনায়কের রেকর্ডের দিনে সফরকারী শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ খুঁইয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান জ্যোতি। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাতুর ৪২ এবং হারশিথা সামারাবিক্রমার ৪৯ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার ও নাহিদা আক্তারসহ চার বোলার একটি করে উইকেট শিকার করেন।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তুললেও সপ্তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর পথ হারায় দল। একে একে তিন ব্যাটার রান আউটের শিকার হলে জয়ের আশা ক্ষীণ হয়ে আসে। মিডল অর্ডারে শারমিন আক্তার ৪৭ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস খেললেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।জুয়াইরিয়া ফেরদৌস করেন২৩ বলে ২৯ রান। এছাড়া দিলারা ২৩ ও স্বর্ণা ১২ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ১৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছিল লঙ্কান মেয়েরা। আগামী রোববার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
