×

বিশেষ সংখ্যা

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন

টিভি-ওটিটিতে এবারের ঈদ আয়োজন

Icon

নুসরাত জাহান সূচনা

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:০৪ পিএম

টিভি-ওটিটিতে এবারের ঈদ আয়োজন

টিভি-ওটিটিতে এবারের ঈদ আয়োজন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তকে সামনে রেখে দেশের টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মগুলো বেছে নিয়েছে দর্শকদের জন্য বিশেষ এবং বর্ণিল বিনোদনের আয়োজন। এবার ঈদ শুধুই ধর্মীয় উৎসব নয়, একইসঙ্গে পরিবার-পরিজন, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার উপলক্ষ। সেই লক্ষ্যেই টেলিভিশন চ্যানেলগুলো নানা ধরণের অনুষ্ঠানে সাজানো হয়েছে। ভিন্ন বয়স ও পছন্দের  কথা মাথায় রেখে এই আয়োজনগুলো পরিকল্পনা এবং পরিচালনা করা যাতে ঘরে বসেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ও আনন্দময় মুহূর্ত উপভোগ করা যায়।

ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন পর্যন্ত প্রায় সব টেলিভিশন চ্যানেলেই প্রচারিত হবে বিশেষ নাটক ও টেলিফিল্ম। জনপ্রিয় নির্মাতাদের পরিচালনায় নির্মিত এসব নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। পারিবারিক গল্প, রোমান্টিক ও সামাজিক নানা প্রেক্ষাপটে নির্মিত এসব নাটক ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ঈদ আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবারও দর্শকদের জন্য সাজিয়েছে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় অনুষ্ঠানমালা। কিংবদন্তি শিল্পীদের উপস্থিতি থেকে শুরু করে জনপ্রিয় তারকাদের পরিবেশনা। সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে জমজমাট আয়োজন।

‘ববিতা-অপরাজিতা’

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা-কে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা-অপরাজিতা’। এই প্রথমবারের মতো তিনি এককভাবে নিজের জীবনের গল্প নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হচ্ছেন। অনুষ্ঠানের পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন শফিউল আলম বাবু এবং গ্রন্থনা ও গবেষণা করেছেন মো. শাহরীয়ার জামান। অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে।

‘ইত্যাদি’

এবারের ঈদুল ফিতরের অন্যতম আকর্ষণ হানিফ সংকেত রচিত, পরিচালিত ও উপস্থাপিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি।

এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের মনোমুগ্ধকর অভিনয়, নাচ ও গান। এছাড়া দর্শকদের অংশগ্রহণে থাকবে চমকপ্রদ ও বৈচিত্র্যময় ক্ষেত্রভিত্তিক উপস্থাপনা। বরাবরের মতো সামাজিক সচেতনতা এবং সুস্থ বিনোদনের এক চমৎকার সংমিশ্রণ দেখা যাবে এবারের এই ঈদ-বিশেষ পর্বে।

‘আনন্দমেলা’

ঈদের অন্যতম আকর্ষণ বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। এতে তারকাদের নৃত্য পরিবেশনায় অংশ নেবেন পূজা চেরী, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ। সংগীত পরিবেশনায় থাকবেন কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির এবং চিরকুট। বিশেষ আকর্ষণ হিসেবে দীর্ঘদিন পর একসঙ্গে গান গাইবেন মনির খান ও কনকচাঁপা। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় থাকবে মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক শো। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ।

‘বিশেষ ব্যান্ড শো’

ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শোর দুটি পর্ব থাকছে। প্রথম পর্বে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করবে তাদের একক কনসার্ট ‘পথচলা’, যার প্রযোজক সাহরিয়ার মোহাম্মদ হাসান। দ্বিতীয় পর্ব ‘রক কার্নিভাল’-এ অংশ নেবে আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। প্রতিটি ব্যান্ড দুটি করে গান পরিবেশন করবে। এই পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।

‘এই মন তোমাকে দিলাম’

প্রখ্যাত গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার-কে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’। প্রযোজনা করেছেন তরিকুজ্জহামান মিলন এবং পরিকল্পনায় রয়েছেন পিয়াল হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী ও ছেলে শরফরাজ আনোয়ার উপল। উপস্থাপনায় থাকছেন দিঠি আনোয়ার। এতে সংগীত পরিবেশন করেছেন রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, পিয়াল হাসান, রাশেদ, সাব্বির জামান, স্বরলিপি, সুস্মিতা, নদী এবং দিঠি আনোয়ার।

চ্যানেল আই-এর ঈদ আয়োজনে ১৫ নাটক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল আই দর্শকদের জন্য নিয়ে এসেছে নতুন ১৫টি নাটকের বিশেষ আয়োজন। ঈদের আগের দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৫০ মিনিট এবং ৯টা ৩৫ মিনিটে নাটকগুলো প্রচারিত হবে।

ঈদের আগের দিন চাঁদ রাতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। এতে অভিনয় করেছেন শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার ও তানায আজিম।

ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে রাবেয়া খাতুন-এর গল্প অবলম্বনে নির্মিত ‘সামনে সমুদ্র’, পরিচালনায় আবুল হায়াত। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন ও আহসান হাবিব নাসিম।

রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে ‘চালাকি’, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিহি আহসান ও চিত্র লেখা গুহ।

ঈদের  দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে মাবরুর রশিদ বান্না পরিচালিত ‘লাস্ট উইশ’, এতে অভিনয় করেছেন জোভান ও আইশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে থাকবে ‘ডাকু’, পরিচালনায় আদিবাসি মিজান; অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, শামিমা নাজনিন ও মাসুম বাশার।

ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘ইতির ঈদি’, পরিচালনায় রাফাত মজুমদার রিংকু; অভিনয়ে জোভান ও কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে ‘টোনাটুনির সংসার’, পরিচালনায় সৈয়দ শাকিল; অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৫০ মিনিটে থাকবে ‘লাভ মি মোর’, পরিচালনায় সাজ্জাদ হোসাইন বাপ্পি; অভিনয়ে তৌসিফ মাহবুব, মারিয়া শান্ত, বহ্নি হাসান ও পারসা ইভানা। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘বউ বেশী বুঝে’, পরিচালনায় যুবায়ের ইবনে বকর; অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘বউ বেশী বুঝে’, পরিচালনায় যুবায়ের ইবনে বকর; অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৫০ মিনিটে থাকছে ‘তোমায় ছুঁয়ে’, পরিচালনায় শাহ মোহাম্মদ রাকিব; অভিনয়ে ইয়াশ রোহান ও তানজিন তিশা। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘ভেতরে আসতে দাও’, পরিচালনায় সকাল আহমেদ; অভিনয়ে আরশ খান ও সামিরা খান মাহি।

ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘পানি’, পরিচালনায় ফেরদৌস হাসান; অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামানসহ আরও অনেকে। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে ‘মেইড ফর ইচ আদার’, পরিচালনায় মিফতাহ আনান; অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

ঈদের সপ্তম দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘জালিয়াত’, পরিচালনায় মীর আরমান হোসেন; অভিনয়ে জোভান ও কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে ‘বলো ভালোবাসি’, পরিচালনায় তৌফিকুল ইসলাম; অভিনয়ে ফারহান ও ফারিণ খান।

এনটিভির ঈদ আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এনটিভি সাজিয়েছে ধারাবাহিক সংগীতানুষ্ঠানের বিশেষ আয়োজন, যা ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন পর্যন্ত দর্শকদের বিনোদিত করবে।

ঈদের দিন সকাল ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘তারুণ্যের গান’, যেখানে পারফর্ম করবে পার্সা অ্যান্ড ফ্রেন্ডস। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শান্তা জাহান এবং প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। রাত ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘এ লগন গান শোনাবার’, উপস্থাপনায় থাকবেন নাহিদা আফরোজ সুমী। এটির প্রযোজনাও করেছেন জাহাঙ্গীর চৌধুরী।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায় ‘তারুণ্যের গান’-এ অংশ নেবে মাদল। উপস্থাপনায় শান্তা জাহান এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম। রাত ১২টা ২০ মিনিটে আবারও প্রচারিত হবে ‘এ লগন গান শোনাবার’, উপস্থাপনায় নাহিদা আফরোজ সুমী, প্রযোজনায় জাহাঙ্গীর চৌধুরী।

ঈদের তৃতীয় দিন সকাল ৮টায় ‘তারুণ্যের গান’-এ গান শোনাবে পেনোয়া। উপস্থাপনায় শান্তা জাহান এবং প্রযোজনায় জাহাঙ্গীর চৌধুরী। রাত ১২টা ২০ মিনিটে থাকবে ‘এ লগন গান শোনাবার’, একই উপস্থাপনা ও প্রযোজনায়।

ঈদের চতুর্থ দিন সকাল ৮টায় ‘তারুণ্যের গান’-এ পরিবেশন করবে মা ভৈ ও দ্য কমরেড। উপস্থাপনায় শান্তা জাহান, প্রযোজনায় মোহাম্মদ নূরুজ্জামান। রাত ১২টা ২০ মিনিটে যথারীতি প্রচারিত হবে ‘এ লগন গান শোনাবার’, উপস্থাপনায় নাহিদা আফরোজ সুমী এবং প্রযোজনায় জাহাঙ্গীর চৌধুরী।

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজন

ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন প্রতিদিন সকাল ১১টায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও তাসনিম আনিকা। পাশাপাশি আরো গান শোনাবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবণী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই।

এছাড়া ঈদের দিন দুপুর ১টায় প্রচারিত হবে বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। এর পরপরই, দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে নাটকের জনপ্রিয় গান নিয়ে সাজানো আরেকটি আয়োজন ‘নাটকের গান’।

আরটিভির ঈদ আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরটিভি দর্শকদের জন্য নিয়ে এসেছে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।

ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন পর্ব ১’। এই আয়োজনে গান পরিবেশন করবেন অঙ্কন, হুমায়রা ইশিকা এবং সুফিয়ানা টিম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নূর হোসেন হীরা।

এরপর ঈদের চতুর্থ দিন একই সময়ে, অর্থাৎ বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে আরেকটি সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’। এতে অংশ নেবেন নদী, রোমিও ব্রাদার্স এবং সুফিয়ানা টিম। এই অনুষ্ঠানটির প্রযোজনাও করেছেন নূর হোসেন হীরা।

ওটিটি প্ল্যাটফর্মের ঈদ আয়োজন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের জন্য সাজিয়েছে এক ভিন্নরকম বিনোদনের আয়োজন। বড়পর্দার বাইরে ঘরে বসেই পাওয়া যাবে থ্রিলার, রহস্য, প্রেম ও অ্যাকশনের মিশ্রণে তৈরি নতুন গল্পগুলো, যা ঈদের আনন্দকে আরও সমৃদ্ধ করবে।

এবারের অন্যতম আকর্ষণ হলো ‘ক্যাকটাস’। নির্মাতা শিহাব শাহীন-এর এই সিরিজে প্রথমবার জুটি বেঁধেছেন মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান। সাইবার জগতের রহস্যময় কাহিনী, হ্যাকিং এবং টেকনোলজিকে ঘিরে তৈরি এই সিরিজ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

‘লাভ সিটার’-এ দেখা যাবে জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান-কে একসঙ্গে। একাকীত্ব, সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি আর ঈদের আবেগ মিশ্রিত গল্পটি সহজেই দর্শকের মন ছুঁয়ে যাবে।

জনপ্রিয় কমেডি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বও ঈদের সময়েই প্রদর্শিত হবে, যা তরুণ দর্শকদের মধ্যে বরাবরই সমাদৃত।

রহস্য ও বাস্তব ঘটনার ছোঁয়ায় তৈরি ‘চক্র ২’-এ আবারও দেখা যাবে তৌসিফ মাহবুব ও আজমেরী হক বাঁধনকে। পাশাপাশি ‘পাপকাহিনী ২’-এ অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার ও সাদিয়া জাহান প্রভা।

অ্যাকশন ও রহস্যপ্রেমীদের জন্য রয়েছে ‘সিক্স’, যেখানে একটি গোপন ল্যাব, ভয়ংকর দুর্ঘটনা এবং পালিয়ে যাওয়া খুনির গল্প ধাপে ধাপে উন্মোচিত হবে ছয় পর্বে।

ঈদের এই আয়োজন কেবল দেশেই সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক দর্শকের জন্যও আছে চমক। ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন আরিফিন শুভ। ১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজ ইতিহাস ও নাটকীয়তার এক ভিন্ন স্বাদ উপহার দেবে।

সব মিলিয়ে, এবারের ঈদে টিভি-ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে ঘরে বসে বিনোদনের অন্যতম বড় মঞ্চ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এই নতুন কনটেন্টগুলো হতে পারে আনন্দের নতুন মাত্রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোরের কাগজের ঈদ আয়োজন

ঈদ-উল-ফিতর ২০২৬ ভোরের কাগজের ঈদ আয়োজন

সেই ঈদ কি এখনো আসে...

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন : সম্পাদকীয় সেই ঈদ কি এখনো আসে...

রক্ত-অশ্রু-বেদনায় ভরা বাঙালির সেই ঈদ

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন রক্ত-অশ্রু-বেদনায় ভরা বাঙালির সেই ঈদ

শুভ নাকি অশুভ?

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন শুভ নাকি অশুভ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App