পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:২৭ পিএম
ছবি: সংগৃহীত
লোকসভা নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠায় পশ্চিমবঙ্গের দুটি সংসদীয় আসনের মোট ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। প্রাথমিক পর্যবেক্ষণে ভোটের দিন বুথগুলোতে কারচুপির প্রমাণ মেলায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এই কেন্দ্রগুলোতে নতুন করে ভোট নেওয়া হবে।
শনিবার (২ মে) হায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫টি কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ হবে।
শুক্রবার (১ মে) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মগরাহাট পশ্চিমের ১১টি কেন্দ্রে এবং ডায়মন্ড হারবারের চারটি কেন্দ্রে পুনরায় ভোট হবে।
এ ব্যাপারে পশ্চিবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে জানানো যাচ্ছে যে, গত ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার কেন্দ্রের দায়িত্বরত অফিসারদের কাছ থেকে রিপোর্ট পাওয়া গেছে। সেই সব রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ওই কেন্দ্রগুলোর নির্দিষ্ট কিছু বুথের ভোট বাতিল করা হলো। ওই বুথগুলোতে আগামী ২ মে নতুন করে ভোট নেওয়া হবে।’
বিবৃতিতে তিনি আরো বলেছেন, ‘আমি আরো জানাচ্ছি যে, সংশ্লিষ্ট এলাকায় ঢোল পিটিয়ে এই পুনর্নির্বাচনের খবরটি ব্যাপকভাবে প্রচার করতে হবে। সেই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরও লিখিতভাবে জানাতে হবে যে, ওই নির্দিষ্ট তারিখে নতুন করে ভোট নেওয়া হচ্ছে।’
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হয়। এতে প্রায় ছয় কোটি মানুষ ভোট দিয়েছেন। তবে দুটি আসনের ১৫টি কেন্দ্রে কারচুপির অভিযোগ ওঠায় আবারও ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
