২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
লালমনিরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ রুবিনা খাতুন (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন।
শুক্রবার (৮ মে) দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোগোল হাট কর্নপুর মাঠের পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়ক মন্ডল গ্রামের আকুল উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানতে পারে যে সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চলছে। এমন খবরের ভিত্তিতে সদর উপজেলার কর্নপুর সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। টহল দলটি ওই এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে ধাওয়া করে রুবিনা খাতুনকে আটক করেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত নারীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাত হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ভোরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক বা যে-কোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আটককৃত রুবিনা খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিজিবি পক্ষ থেকে তাকে এবং জব্দকৃত গাঁজা লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি আরও জানিয়েছে, এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
