পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বোদা উপজেলায় পেট্রোল পাম্পে দায়িত্বরত অবস্থায় মিজানুর রহমান মিজান নামে এক পুলিশ সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে এ ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আহত ওই পুলিশ সদস্য মিজান বোদা থানা পুলিশের গাড়ির ড্রাইভার ছিলেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এসময় মিজান পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে তেল দেয়ার অবস্থার ভিডিও ধারণ করার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দ্রুত খবর পেয়ে থানা পুলিশের আরো সদস্য ঘটনাস্থলে গিয়ে মিজানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে গুরুতর আঘাত পেয়ে সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারসহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে, উপজেলার জান্নাত পেট্রোল পাম্পে লাইন নিয়ে মোটরসাইকেল আরোহীদের ধস্তাধস্তির ঘটনা ও সোনার বাংলা পেট্রোল পাম্পে জ্বালানি তেল না থাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।
