নাটোরে শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি : সংগৃহীত
নাটোরের কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (৯ মে) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজ করা হবে শনিবার। এ কারণে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির সদর দপ্তরের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
বিদ্যুৎ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে বাস্তব কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।
