বাজি ধরে কলা চুরি, তিন বন্ধুকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদী উপজেলায় বাজি ধরে কলা চুরি করতে গিয়ে তিন কিশোর হাতেনাতে ধরা পড়েছে। পরে স্থানীয় লোকজন তাদের গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিনজনই কিশোর। তারা উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলপড়ুয়া ওই তিন কিশোর প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় করে দাশুড়িয়া থেকে মুলাডুলির দুবলচারা গ্রামে ঘুরতে যায়। সেখানে নিজেদের মধ্যে বাজি ধরে একটি কলাবাগান থেকে কয়েকটি কলা চুরি করে।
এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের ধরে গাছের সঙ্গে বেঁধে রাখেন। ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “ওই তিন শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
