ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় মেলায় দর্শনার্থীর ঢল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: ভোরের কাগজ
নাটোরের গুরুদাসপুর উপজেলার ২ নম্বর বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) শুরু হওয়া এ মেলা দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হবে।
বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিবছর ১৪ বৈশাখ স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রায় দুই যুগ ধরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে আসছে। এ বছরও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াঘাট ইউনিয়নের তরুণ সমাজসেবক মো. মশিউর রহমান টিপু। প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
মেলার প্রথম দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং। সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রিন্টু হাসান এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সান্ত মৃধা।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ও সমাজসেবক মো. বদিউজ্জামান অপু। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়দের মতে, এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
