নাহিদ ইসলাম
প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে। তিনি বলেন, মামুনুল হককে ষড়যন্ত্র করে সংসদে যেতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু রাজপথে তাকে থামানো যাবে না।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তারা সংসদে আছেন জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবি তুলে ধরার জন্য, আর রাজপথে আছেন মামুনুল হক ও নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়োজন হলে সংসদ ও রাজপথের আন্দোলন একসঙ্গে চলবে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং রোগব্যাধির চাপ বেড়েছে। বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা রেখে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করলেও সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে এবং বিচার বিভাগকেও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে জনগণ এ ধরনের প্রবণতাকে মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় উপেক্ষা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার যতক্ষণ না গণরায় মেনে নেবে, ততক্ষণ আন্দোলন চলবে। সংখ্যাগরিষ্ঠতা বা শক্তি প্রয়োগ করে গণরায় প্রত্যাখ্যান করলে তার ফল ভালো হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতারা।
