সহযোদ্ধা থেকে জীবনসঙ্গী
সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম
রাজধানীতে ঘরোয়া অনুষ্ঠানে আবু বাকের মজুমদার ও রাফিয়া রেহনুমা হৃদির বিয়ে সম্পন্ন হয়েছে। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন একই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাফিয়া রেহনুমা হৃদিকে।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে পারিবারিক পরিসরে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে অনুষ্ঠিত হয়। এসময় তার সহযোদ্ধা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, পাত্রী রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন তিনি।
এদিকে আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।
শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলে ওঠেন। পরবর্তীতে রাজনৈতিক কারণে হল ছাড়তে হলেও পরে আবার হলে ফেরেন।
এর আগে, তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়কে এই নতুন পথচলায় সহযোদ্ধা ও সহপাঠীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিয়ের ছবি শেয়ার করে লেখেন, বাকেরের বিয়েতে। নবদম্পতির জন্য শুভকামনা।
