স্বাধীন চৌধুরীর কবিতা
স্বাধীন চৌধুরী
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: শিল্পী জামাল আহমেদের শিল্পকর্ম ব্যবহারে কোলাজ
বালিয়াড়ি
চুপচাপ ভেঙে পড়ে সময়ের স্থাপত্য-
হাওয়ার আঙুলে, দীর্ঘশ্বাসে গড়া
ক্ষণস্থায়ী নকশাভুবন।
অনুভবে কিছু পদচিহ্ন জেগে ওঠে-
মুহূর্তের দহন শেষে মুছে যায়
অব্যক্ত ব্যাকরণের শূন্য পাতায়।
ধারণের প্রয়াস
অবধারিত ক্ষয়ের দিকেই ঝুঁকে পড়ে;
আঁকড়ে ধরা মানে বিলুপ্তির বীজবপন,
বিসর্জনই কেবল স্থিতি।
অদৃশ্য ঢেউ জাগে সময়ের-
বহুস্তরে সঞ্চিত অপ্রকাশ্য দিনলিপি।
সাঁঝের রক্তিম আভা
অস্পষ্ট উপকূল গড়ে,
রাত্রির অন্ধকার বহন করে
নিঃসঙ্গ স্বরলিপি।
সৃজন ও ভাঙনের অন্তর্বাহ-
রূপান্তরের অনুশীলনে
হারানোই প্রাপ্তির রূপ,
শূন্যতা-পূর্ণতার গোপন ব্যঞ্জনা।
নিবিড় এক মুহূর্তে
অসীমের সম্মুখে দাঁড়ালে
উন্মোচিত হয় বোধের অতল;
গহীনের উচ্চারণ
ক্রমশ ক্ষীণ হয়ে আসে,
ক্ষুদ্র কণায় বিভাজিত সত্তা
লীন হয়ে যায়
অচিহ্নিত, অনন্ত নীরবতায়।
