সংসদে পররাষ্ট্রমন্ত্রী
ভারতের ভিসা পাওয়া দ্রুতই আরো সহজতর হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া দ্রুতই আরো সহজতর হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরির্বতন আসবে।’
সংসদ সদস্য শেখ মজিবুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বর্তমান সরকারের সর্ম্পক কেমন, বিদ্যমান সর্ম্পক উন্নয়নে সরকারের কোনো উদ্যোগ আছে কি না, ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা প্রদান বন্ধ রেখেছে কি না বা ভারতের ভিসাপ্রাপ্তি সহজতর করার জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে কি না।’
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সফরের সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির এ বিষয়ে ইতিবাচক পরির্বতন দেখা যাবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্ভভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সর্ম্পক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।’
