বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক হয়।
ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের প্রধান ইভারস আইজবস। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।
বিরোধীদলীয় নেতার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে ইভারস আইজবস বিরোধীদলীয় নেতার ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। এ সময় ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের পক্ষ থেকে বাংলাদেশের সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত একটি পর্যবেক্ষণ প্রতিবেদন তার কাছে হস্তান্তর করা হয়।
বৈঠকে সফররত প্রতিনিধিরা জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চান।
জবাবে বিরোধীদলীয় নেতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় নির্বাচন ও গণভোটসহ বিভিন্ন বিষয়ে তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করছে। এতে রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা এবং জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার অভিযোগ তুলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে, ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন তারা।
