প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে দেশে বহু শিশু মৃত্যুবরণ করেছে, তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে সব রাজনৈতিক দল একসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু দুঃখজনকভাবে সেই সময়কাল এবং পরবর্তী অন্তর্বর্তী সরকার মেয়াদেও কয়েক বছর ধরে বিদেশ থেকে হামের টিকা আমদানি করা হয়নি।
প্রধানমন্ত্রী জানান, এ কারণেই দেশে হামের পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে ইউনিসেফ বাংলাদেশকে সহায়তা করেছে এবং জরুরি ভিত্তিতে হামের টিকা সরবরাহ করেছে। এর ফলে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, হাম শনাক্তকরণে ব্যবহৃত পরীক্ষার কিটের ঘাটতি রয়েছে। তবে এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে কিছু কিট দেশে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনটি পরীক্ষা করা সম্ভব। আরও কিছু কিট বর্তমানে বিমানবন্দরের কাস্টমসে রয়েছে, সেগুলো দ্রুত ছাড় করার উদ্যোগ নেওয়া হবে।
