অফিস ৯টা-৪টা, ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ এএম
ছবি: সংগৃহীত
জ্বালানি সাশ্রয় ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নাসিমুল গনি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষে বন্ধ হবে বিকেল ৪টায়।
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার পর সব মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধ ও খাবারের দোকান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবহনে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া এবং বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
ব্যয় সংকোচনের অংশ হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাসের জন্য সরকারি নতুন যানবাহন ও কম্পিউটার কেনা বন্ধ, বিদেশ সফর ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের অর্ধেক স্থগিত এবং আপ্যায়ন খরচ ৫০ শতাংশ কমানো হয়েছে।
এ ছাড়া বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। বৈঠকে পাবলিক পরীক্ষার অপরাধ সংক্রান্ত আইন সংশোধনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
