প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম
ছবি : সংগৃহীত
প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুত এই চার্জ পদ্ধতি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন : ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই অর্থ পরিশোধ করে আসা গ্রাহকদের অনেকেই প্রশ্ন তুলেছেন, মিটারের মূল মূল্য বহু আগেই আদায় হয়ে যাওয়ার পরও কেন অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার কেনাকাটায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে আর্থিক বোঝা তৈরি হয়েছিল, তা সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে।
