রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার দাইরেরপুল এলাকায় রেললাইনের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পাওয়ার পরই এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানিয়েছেন, কাওরাইদ ও মশাখালী -এই দুই স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইরেরপুল এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তি রেললাইনে ছয় ইঞ্চির মত অংশ ভাঙা অবস্থায় দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
সেই তথ্য পেয়ে স্থানীয় পুুলিশ প্রশাসন স্থানীয় স্টেশন মাস্টারকে জানালে রেলওয়ে বিভাগের দায়িত্বপ্রপ্ত কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে লাইনটি মেরামতের কাজ শুরু করেছেন।
এই সমস্যার কারণে ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশনে এবং মহুয়া কমিউটার ট্রেনটি মশাখালী স্টেশনে আটকে আছে বলেও জানিয়েছেন রেল পুলিশের ওই কর্মকর্তা।
