বিএনপির মন্ত্রিসভায় স্থান পাবেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, দলের মন্ত্রিসভা নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ‘যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারাই নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে যারা আস্থাশীল, তারাই শুধু স্থান পাবেন।’
এবারে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে জনগণ। এই দেশকে অসৎ পথে নেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য।
দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।
আগামী সংসদে বিরোধী দল হিসেবে ১১-দলীয় জোট শক্ত ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা হাফিজ উদ্দিন আহমদের।
