প্রথমবারের মতো শপথ অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সেদিন বিকেলেই নতুন সরকারের মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকার ও বিএনপি’র কয়েকটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামী মঙ্গলবার বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সবশেষ সিদ্ধান্ত হলো, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
জাতীয় সংসদ হলো গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। দেড় বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও সেখানে হচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়েছে। ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। দুই আসনের ফলাফলের গেজেট উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে এখনো জারি করা হয়নি, আর প্রার্থীর মৃত্যুতে স্থগিত রয়েছে একটি আসনের নির্বাচন অনুষ্ঠান।
