দলীয় নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলার অভিযোগ সার্জিসের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে এনসিপির নেতাকর্মী, তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে ঘরে থাকতে পারছে না। বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা রাজনীতি করতে এসেছি। পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোন বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহবান করছি। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’
উল্লেখ্য, গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে গেছেন সারজিস আলম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
