বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের ছেলে সাকিব (১৩), শামসুল হকের বোন জামাই উপজেলার রসুলপুর ইউনিযনের সান্দিয়াইন গ্রামের আব্দুল জব্বার (৭০)।
এর মধ্যে নিহত সাকিব স্থানীয় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের শামসুল হক পুরাতন একটি টিনশেড ঘর মেরামত করছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগের একটি লিকেজ থেকে ঘরের ঢেউটিনের বেড়াগুলো বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুতায়িত ঢেউটিনে বিদ্যুৎস্পৃষ্ট হয় গৃহকর্তা শামছুল হকের ছেলে সাকিব ও তার বোন জামাই আব্দুল জব্বার গুরুতর আহত হয়। শামসুল হক বিষয়টি দেখতে পেযে তার ছেলে সাকিব ও তার বোন জামাই আব্দুল জব্বারকে বাঁচাতে যায়। শামছুল হকও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।
ঘটনার পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিব ও আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাতুল বালা বিশ্বাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাকিব ও আব্দুল জব্বার মারা গেছেন। আহত শামসুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ওসি আ.স.ম অঅতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
