ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
গত দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সামনে ইরানে সামরিক অভিযানের মাত্রা আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর এএফপির।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনী কতটা অগ্রগতি অর্জন করেছে, তা অনেকেরই ধারণার বাইরে। আমরা ইতোমধ্যে তাদের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছি।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকেও ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের এতটা শক্ত আঘাত দিচ্ছি, যতটা আগে কেউ দেয়নি।
আরো পড়ুন : ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন স্থলসেনা
সাক্ষাৎকারে যুদ্ধ আর কতদিন চলতে পারে, এ প্রশ্নের সরাসরি জবাব দেননি ট্রাম্প। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।
ট্রাম্পের দাবি, মার্কিন অভিযানে ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যে এই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের বহু বছর সময় লাগতে পারে। তিনি বলেন, সামনে অভিযানের তীব্রতা ও বিস্তৃতি উভয়ই বাড়তে পারে।
