জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা সরকার দেশের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এখন থেকে প্রতি বুধবারও সরকারি ছুটি ঘোষণা করেছে। সেক্ষেত্রে দেশটিতে সপ্তাহে চারদিন অফিস চালু থাকবে, আর ছুটি থাকবে তিন দিন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়কে জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছেন, ‘আমাদের খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তবে আশা রাখতে হবে।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী শ্রীলঙ্কায় সপ্তাহে চার দিন স্কুল ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। তবে হাসপাতাল, পুলিশ ও অভিবাসন বিভাগের মতো জরুরি সেবা বন্ধ হবে না।
দেশটির সরকার নতুন যোগ করা ছুটির দিন হিসেবে বুধবারকে বেছে নিয়েছে, যাতে অফিস তিন দিন একসঙ্গে বন্ধ না থাকে।
আরো পড়ুন: এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো
এছাড়াও দেশটির গাড়ি চালকদের জন্য জাতীয় জ্বালানি পাস বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার তেল বরাদ্দ রাখা হয়েছে।
শ্রীলঙ্কা ছাড়াও এশিয়ার অন্যান্য দেশও জ্বালানি সাশ্রয়ের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
থাইল্যান্ডে নাগরিকদের হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। মিয়ানমারে গাড়ি কেবল বিকল্প দিনে ব্যবহার করার নিয়ম চালু হয়েছে।
বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি এগিয়ে আনা হয়েছে এবং পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফিলিপাইনসে সরকারি অফিসে সপ্তাহে এক দিন বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভিয়েতনামে মানুষকে বেশি ঘরে থাকার এবং গাড়ি কম ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
