অসুস্থ বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার
মো. শামীম হাসান সুজন, শরণখোলা প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ বছর বয়সী অসুস্থ বৃদ্ধ চুন্নু মোড়লের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৪নং সাউথখালি ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামের ফকির বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুন্নু মোড়ল দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের সময় তার স্ত্রী হাওয়া বেগমও (৬৫) ঘরের বাইরে ছিলেন। ঘরে কেউ না থাকায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী মোঃ কামরুল হাওলাদার জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে গ্রামবাসী শত চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা একটি মোটরসাইকেল, আসবাবপত্র, মজুতকৃত চাল ও নগদ অর্থসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় রয়েছে। চুন্নু মোড়লের দুই ছেলে ও এক মেয়ে কাজের সুবাদে ভারতে অবস্থান করায় বাড়িতে বৃদ্ধ দম্পতি ছাড়া আর কেউ ছিলেন না।
ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় এবং আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার সুযোগ পায়নি। প্রতিবেশীদের ধারণা, ঘরে কেউ না থাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
