হরমুজ প্রণালিতে নৌযানে আগুন, ভারতীয় নাবিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি- সংগৃহীত
মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালির কাছে একটি কাঠের তৈরি বড় নৌযানে (ধাও) আগুন লেগে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।
নৌযানটিতে মোট ১৮ জন ভারতীয় নাবিক ছিলেন। আগুন লাগার পর নৌযানটি ডুবে গেলে পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ তাদের উদ্ধার করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত নাবিকদের বর্তমানে দুবাইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুবাইয়ের ভারতীয় কনস্যুলেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তাদের কর্মকর্তারা উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেখা করেছেন। কনস্যুলেট কর্তৃপক্ষ নৌযানটির মালিকের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছে। এক বিবৃতিতে কনস্যুলেট ওই নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম প্রধান এই পথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের বাণিজ্য পরিচালিত হয়। গত শুক্রবার এই এলাকায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে, যা এক মাসের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।
ইরান অভিযোগ করেছে, মার্কিন বাহিনী তাদের জাহাজ ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, তারা কেবল আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ‘লাভ ট্যাপ’ বলে অভিহিত করেছেন। তিনি ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে সমঝোতা না হলে দেশটিকে আরও হামলার মুখে পড়তে হবে।
