বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। শুক্রবার (১ মে) একদিনেই এ মূল্যবান ধাতুর দাম ১ শতাংশের বেশি কমেছে।
মূলত জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে বৈশ্বিকভাবে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিকল্পনা থেকে সরে আসতে পারে- এমন ধারণা জোরালো হচ্ছে।
এই প্রেক্ষাপটে সুদবিহীন বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে গেছে, যার প্রভাব সরাসরি দামে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫২ মিনিটে স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৬৮.৮২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে জুন ডেলিভারির জন্য গোল্ড ফিউচারসের দামও ১.১ শতাংশ কমে ৪,৫৭৯.৭০ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে জ্বালানি তেলের দাম বাড়লে তা স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ এতে সুদের হারের ওপর চাপ তৈরি হয়, যা স্বর্ণের দামে প্রভাব ফেলে।
সাধারণত ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে সুদবাহী সম্পদ- যেমন যুক্তরাষ্ট্রের ট্রেজারির দিকে ঝুঁকে পড়েন।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতু যেমন রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও একই সময়ে বিশ্ববাজারে কমেছে।
