ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা মোজতবা খামেনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি- সংগৃহীত
পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মহা শয়তান’ বলে আখ্যা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেওয়া এক কঠোর বার্তায় তিনি এই অঞ্চলে মার্কিন উপস্থিতিকে অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন এবং বিদেশি শক্তিকে ‘পানির গভীরে নিক্ষেপ’ করার হুঁশিয়ারি দেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, হরমুজ প্রণালি ৫৫ দিনের বেশি সময় ধরে বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই সংকট নিরসনে ইরান তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন। এমন পরিস্থিতিতেই মোজতবা খামেনি দাবি করেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির জন্য একটি ‘নতুন অধ্যায়’ শুরু হচ্ছে এবং এর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে।
বর্তমানে অসুস্থ অবস্থায় থাকা মোজতবা খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তায় বলেন,'আমেরিকার সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না, অন্যদের কী দেবে? যারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোভের বশে অশান্তি ছড়াতে আসে, তাদের জায়গা হবে পানির নিচে।' তিনি আরও যোগ করেন, আমেরিকাবিহীন ভবিষ্যৎই হবে এই অঞ্চলের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ।
ইরানের নৌবাহিনী প্রধানও সম্প্রতি এক নতুন অস্ত্রের কথা উল্লেখ করে জানিয়েছেন যে, শত্রুরা ওই মরণাস্ত্র নিয়ে আতঙ্কিত। মূলত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার পরিকল্পনা করছে।
