ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
ছবি- সংগৃহীত
ইরানের সঙ্গে মিলে বাহরাইনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী ও শত্রুতামূলক কর্মকাণ্ডের’ ষড়যন্ত্র করার দায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের পাবলিক প্রসিকিউটর এই দণ্ডাদেশের তথ্য নিশ্চিত করেন। বাহরাইন রাজতন্ত্রের নিরাপত্তা বিঘ্নিত করতে বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করে এই কঠোর সাজা দেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন আফগান এবং তিনজন বাহরাইনের নাগরিক। এ ছাড়া ইরানের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থনের দায়ে আরও ২৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় এই রায়কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দেশটির সরকার।
বাহরাইনের প্রখ্যাত মানবাধিকারকর্মী মরিয়ম আল-খাওয়াজা আল-জাজিরাকে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত থাকার অভিযোগে বাহরাইনে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক মামলা, যেখানে কাউকে অভিযুক্ত করা হলো। এর আগে বিভিন্ন সময়ে তেহরানের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ আনলেও আইনি প্রক্রিয়ায় এমন সাজা আগে দেখা যায়নি।
