২০২৫ সালে প্রায় ৮ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে উন্নত জীবনের আশায় ঘরছাড়া মানুষের জন্য ২০২৫ সালটি ছিল অত্যন্ত ভয়াবহ। গত এক বছরে অন্তত ৭ হাজার ৯০০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ১ হাজার ৫০০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর আওতায় ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে এই পরিসংখ্যান রাখা হচ্ছে। সংস্থাটির তথ্যমতে, গত এক দশকে বিশ্বজুড়ে অভিবাসনের সময় অন্তত ৮০ হাজার মানুষের মৃত্যু বা নিখোঁজের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
তবে আইওএম সতর্ক করে জানিয়েছে যে, এই সংখ্যাগুলো কেবল নথিভুক্ত তথ্যের ভিত্তিতে তৈরি, যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার তুলনায় সর্বনিম্ন সীমা হতে পারে। দুর্গম পথ, গভীর সমুদ্র এবং মরুভূমির মতো বিপজ্জনক এলাকা দিয়ে যাতায়াতের সময় নিখোঁজ হওয়া অনেকের খবর কখনোই প্রকাশ্যে আসে না।
এমন ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে আইওএম বলেছে, এই ট্র্যাজেডি বন্ধে বিশ্বনেতাদের পক্ষ থেকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
