লেবাননে বাংলাদেশিদের সর্তক করে দূতাবাসের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম
লেবাননের সকল প্রবাসী বাংলাদেশিকে বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। ছবি- সংগৃহীত
লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এখনই বর্তমান আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে লেবানন সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট ঘোষণা ও আনুষ্ঠানিক দিক-নির্দেশনা না আসছে, ততক্ষণ পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের বর্তমান অবস্থান পরিবর্তন না করাই শ্রেয়। মূলত অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতেই এই পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিজ নিজ কর্মস্থল বা আবাসস্থলে ফেরার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। দূতাবাস আরও জানায়, প্রবাসী কর্মীরা তখনই তাদের পুরনো কর্মস্থল বা বাসস্থানে ফিরবেন, যখন তাদের সংশ্লিষ্ট কফিল (নিয়োগকর্তা) ওই এলাকাটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার বিষয়টি নিশ্চিত করবেন।
বিদ্যমান পরিস্থিতিতে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত বা ঝুঁকি না নিয়ে সরকারি ঘোষণার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে সকল প্রবাসী বাংলাদেশিকে বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের স্থানীয় খবরাখবর এবং দূতাবাসের নির্দেশনার দিকে নজর রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার জেরে অনেক প্রবাসী বাংলাদেশি তাদের নিয়মিত কর্মস্থল ও বাসস্থান ছেড়ে সরকারি বা বেসরকারি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি নির্দেশনা প্রদান করেছে বৈরুতস্থ বাংলাদেশ মিশন।
