×

আন্তর্জাতিক

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি- সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের রাজধানীতে আয়োজিত শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি। গত শনিবার (১১ এপ্রিল) শুরু হওয়া এই দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকে যুদ্ধবিরতি ও পারমাণবিক সক্ষমতা নিয়ে দুই দেশের প্রতিনিধিরা নিবিড় আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছিলেন। সংবাদ সম্মেলনে ভ্যান্স জানান, বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ডজনখানেকবার ফোন করেছিলেন।

এছাড়া মার্কিন প্রতিনিধি দল অ্যাডমিরাল ব্রাড কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতো শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত পরামর্শ করেছেন। ভ্যান্স বলেন,‘আমরা একটি চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব নিয়ে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, তাই প্রতি মুহূর্তেই আমরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগে ছিলাম।’

আলোচনা ভেঙে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে পারমাণবিক অস্ত্রের বিষয়টি সামনে এসেছে। জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন চায় ইরানের পক্ষ থেকে এমন এক দৃঢ় প্রতিশ্রুতি যা নিশ্চিত করবে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা এমন সক্ষমতাও অর্জন করবে না যা দ্রুত অস্ত্র তৈরিতে সহায়ক। এটিই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল। তবে দীর্ঘমেয়াদী এই নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় বৈঠকটি অমীমাংসিত রয়ে গেছে।

অন্যদিকে, আলোচনার এই অচলাবস্থার জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় তাদের প্রতিনিধি দল ২১ ঘণ্টা নিবিড়ভাবে আলোচনা চালিয়েছে। কিন্তু মার্কিন পক্ষ থেকে ‘অযৌক্তিক’ কিছু দাবি তোলায় কোনো অগ্রগতি সম্ভব হয়নি। ফলে কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই ইরানি প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেন।

ইসলামাবাদে এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে হয়তো আবারও কোনো কার্যকর আলোচনায় বসা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির

ইলিশের মণ ৩ লাখ টাকা ছাড়ালো

বর্ষবরণ ইলিশের মণ ৩ লাখ টাকা ছাড়ালো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App