বললেন ডোনাল্ড ট্রাম্প
ইরান অভিযান শেষ প্রান্তে যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম
ছবি : সংগৃহীত
ইরানে পরিচালিত সামরিক অভিযানে নিজেদের লক্ষ্য প্রায় পূরণে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযান এখন শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এর সমাপ্তি হতে পারে। এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
স্থানীয় সময় বুধবার ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি জানান, ইরানে হয়ত তাদের ‘কাজ শেষ করতে’ আর দুই থেকে তিন সপ্তাহ লাগবে।
ট্রাম্প বলেন, “আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি আছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন জয় যা কিছু মানুষ কখনো দেখেননি।”
ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ছিল। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। যুদ্ধ শুরুর আগে ইরান একাধিকবার জানিয়েছিল, তারা কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করছে না।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমি ২০১৫ সাল থেকে বলছি ইরানকে কখনো পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না। ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যকামনা করে।”
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যদি তিনি বের না হয়ে আসতেন তাহলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না।
২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি স্বাক্ষর করেন, যেখানে ইউরেনিয়াম মজুদ কমানোর শর্তে তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে ২০১৮ সালে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, যা নতুন করে উত্তেজনার জন্ম দেয়।
