ভারতের রাজস্থানে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের রাজস্থান রাজ্যের শিল্পাঞ্চল ভিওয়াড়িতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আলওয়ার জেলার খুশখেরা শিল্পাঞ্চলের একটি বন্ধ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খুশখেরা-কারোলি শিল্প এলাকায় নিয়মিত টহলের সময় পুলিশ আগুনের ঘটনা টের পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা ভেতরে আটকা পড়েন। এখনও অন্তত ১০ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরো পড়ুন : শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় কারখানা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ভিডিওতে দাউদাউ করে আগুন জ্বলতে ও ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। প্রশাসন জানিয়েছে, আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, রবিবার সকালে কর্নাটক রাজ্যের বাসালারু এলাকায় একটি বেসরকারি কারখানায় রাসায়নিক মজুত ট্যাঙ্ক বিস্ফোরণে বিহারের দুই পরিযায়ী শ্রমিক নিহত হন এবং আরো চারজন গুরুতর আহত হন। ঘটনাটি ঘটে কারেকাট্টে এলাকার কীর্তি কেমিক্যাল ফ্যাক্টরিতে। কারখানা স্থানান্তরের প্রস্তুতিকালে ট্যাঙ্ক খুলে সরানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত মাসে কলকাতা শহরের আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ‘ওয়াও মোমো’র একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে বহু দেহাংশ ও আধপোড়া মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২৮ জন নিখোঁজ থাকার অভিযোগ উঠেছিল। ফরেনসিক ও দমকলের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, পাশের একটি ডেকরেটর্সের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো এলাকা গ্রাস করে।
সাম্প্রতিক এসব ঘটনায় শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও অগ্নিনির্বাপণ প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
