এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এবং তা ১৫ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই রুটিন প্রকাশ করা হয়।
রুটিন অনুযায়ী, প্রথম দিনে বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৮ আগস্ট শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। এছাড়া দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশ অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।
আরো পড়ুন : শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে মাউশি
