এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদান ছাড়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি : সংগৃহীত
এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের সরকারি অনুদান ছাড় দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে সংশ্লিষ্ট চেক নির্ধারিত ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে আগামী ৮ মে’র পর শিক্ষকরা অনুদানের টাকা উত্তোলন করতে পারবেন।
বুধবার (৬ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের সরকারি অনুদানের অর্থ ছাড় করা হয়েছে। শিগগিরই শিক্ষকরা তাদের প্রাপ্য অনুদান উত্তোলন করতে পারবেন।
এতে আরও জানানো হয়, মোট দুই মাসের অনুদানের জন্য চারটি চেক অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট প্রধান ও স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এর মাধ্যমে শিক্ষকরা নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
