×

অর্থনীতি

বাণিজ্য ঘাটতি নিয়ে বাড়ছে উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

বাণিজ্য ঘাটতি নিয়ে বাড়ছে উদ্বেগ

ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতিতে পণ্য বাণিজ্য ঘাটতির চাপ দিন দিন তীব্র হচ্ছে। রপ্তানি আয় প্রত্যাশা অনুযায়ী না বাড়লেও আমদানির ব্যয় বেড়ে চলায় তৈরি হয়েছে এই অস্বস্তিকর পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি ও কাঁচামাল আমদানিতে উচ্চ ব্যয় এবং বৈদেশিক মুদ্রার বাড়তি চাহিদা—সব মিলিয়ে অর্থনীতিতে নতুন করে উদ্বেগ ঘনীভূত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (বিওপি) সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন: ক্ষুদ্র আনন্দেই জীবনের আসল সুখ—জয়া

আরো পড়ুন: স্পিকার পদে আলোচনায় তিনজন

প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৪০ লাখ ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৯৭৬ কোটি (৯.৭৬ বিলিয়ন) ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৮ দশমিক ৩৪ শতাংশ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ায় সাময়িকভাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তবে এই ধারাবাহিক ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিময় হার এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ৩ হাজার ৩৬৮ কোটি (৩৩.৬৮ বিলিয়ন) ডলারের বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানির পরিমাণ ছিল ৩২ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আলোচ্য সময়ে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি (২২.১২ বিলিয়ন) ডলার, যা গত অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৯ শতাংশ কম। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ২ হাজার ২৩২ কোটি (২২.৩২ বিলিয়ন) ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধানই মূলত বাণিজ্য ঘাটতিকে উসকে দিয়েছে।

চলতি ও সামগ্রিক লেনদেনের ভারসাম্য

বর্তমানে দেশের চলতি হিসাবের ভারসাম্য (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স) সামান্য ঋণাত্মক অবস্থায় রয়েছে। ডিসেম্বর শেষে এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫২ কোটি ডলার। সাধারণত চলতি হিসাবে উদ্বৃত্ত থাকলে দেশকে নিয়মিত লেনদেনের জন্য ঋণ করতে হয় না।

ওভারঅল ব্যালান্স

সামগ্রিক লেনদেনে (ওভারঅল ব্যালেন্স) বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ডিসেম্বর শেষে সামগ্রিক লেনদেনের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৯৪ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এই সূচকে ৪৬ কোটি ডলারের ঘাটতি ছিল।

অর্থনীতির অন্যতম স্বস্তির জায়গা হলো রেমিট্যান্স বা প্রবাসী আয়। অর্থবছরের প্রথম ৬ মাসে প্রবাসীরা ১ হাজার ৬২৬ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।

এফডিআই বেড়েছে

একই সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে এফডিআই ছিল ৫৫ কোটি ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি ডলারে। তবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ (পোর্টফোলিও ইনভেস্টমেন্ট) নেতিবাচক ধারায় রয়েছে। অর্থবছরের প্রথম ৬ মাসে শেয়ারবাজার থেকে প্রায় ১০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ চলে গেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫ কোটি ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা বললেন মন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা বললেন মন্ত্রী

পাঁচ বছর পর মুক্তির পথে ‘মাসুদ রানা’

পাঁচ বছর পর মুক্তির পথে ‘মাসুদ রানা’

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী

পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App