‘রাক্ষস’র আন্তর্জাতিক যাত্রা শুরু, এবার মুক্তি পেলো রোমে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
দেশীয় প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তির পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে রাক্ষস।
সোমবার(৬ এপ্রিল) ইতালির রাজধানী রোমের একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, মুক্তির প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যা সিনেমাটির আন্তর্জাতিক যাত্রার জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলচ্চিত্রটির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন দুই ক্ষেত্রেই সিনেমাটি ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এখন এটি বিদেশি দর্শকদের কাছেও পৌঁছাতে শুরু করেছে।
তিনি আরো জানান, ইতালিতে প্রদর্শনীর পর সেখানকার দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক, যা পুরো টিমকে নতুন করে অনুপ্রাণিত করছে।
এদিকে উত্তর আমেরিকার বাজারেও মুক্তির প্রস্তুতি চলছে ‘রাক্ষস’র। যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত এই রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনায় রয়েছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
