স্পিডবোটে এসে বালুমহালের ম্যানেজারকে গুলি করে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের শিবালয়ের চরে বালু তোলাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় মিরাজ হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীর চরে এই ঘটনা ঘটেছে।
মিরাজ পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা এবং তেওতা বালুমহালের ইজারাদার ইফতিয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে নদীর পাড়ে ম্যানেজার মিরাজসহ তার লোকজন ড্রেজারে অবস্থান করছিলেন। এসময় স্পিডবোটযোগে দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ম্যানেজার মিরাজকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর স্পিডবোটযোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেওতা বালুমহালের ইজারাদার কাওছার হোসেন বলেন, বৃহস্পতিবার মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেন—বাল্কহেড জাহাজে বালু বিক্রি করলে খুন করা হবে। বিষয়টি জানিয়ে গতকালই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ১২ সদস্যের পুলিশ টিম ঘটনাস্থলে গেছেন। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। নিহত ব্যক্তির মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
