সংকটে পিএসএল, বদলালো ভেন্যু ও আয়োজন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম
ছবি:সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ এবারের আসরের ভেন্যু ও আয়োজন পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে। ছয়টি ভেন্যুর পরিবর্তে টুর্নামেন্টটি এখন সীমিত করা হয়েছে মাত্র দুটি শহর লাহোর ও করাচিতে। পাশাপাশি নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় সব ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসএলের ১১তম আসরের সব ম্যাচ এখন এই দুই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেন্যুতে ২২টি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সূচির তারিখ অপরিবর্তিত থাকলেও শুধু ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে।
আগামী ২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স মুখোমুখি হবে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসমেনের। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে বলেন, প্রতিদিন স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শক সমাগম হয়, যা বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ। তাই দর্শক প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এটিকে কঠিন হলেও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
সূচি অনুযায়ী, ৬ এপ্রিল পর্যন্ত প্রথম ১৪টি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। এরপর পরবর্তী ১৫টি ম্যাচ করাচিতে আয়োজন করা হবে। ২১ এপ্রিল থেকে আবারও লাহোরে লিগের ম্যাচ শুরু হবে, যেদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে—একটি লাহোরে এবং অন্যটি করাচিতে। একই ধরনের ডাবল ম্যাচ ২২, ২৩, ২৫ ও ২৬ এপ্রিলেও অনুষ্ঠিত হবে।
আগে নির্ধারিত সূচি অনুযায়ী কোয়ালিফায়ার রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে সেটি ২৮ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২১ এপ্রিল ও ১ মে দুটি এলিমিনেটর ম্যাচ লাহোরেই অনুষ্ঠিত হবে। সবশেষে ৩ মে ফাইনাল ম্যাচও লাহোরেই আয়োজন করা হবে।
