মাগুরা
চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষে আহত ৬
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত
মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গাংনালিয়া বাজারের একটি সেলুনে চুল কাটার জন্য জুয়েল নামে এক যুবক সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় সোহাগ নামে অন্য এক যুবক সেলুনে এসে জরুরি কাজের অজুহাতে আগে চুল কাটার দাবি জানান। সেলুনের কর্মী (পরামানিক) জুয়েলের সিরিয়াল আগে বলে জানালেও সোহাগ তা মানতে রাজি হননি।
এ নিয়ে দুই যুবকের মধ্যে শুরু হওয়া কথা-কাটাকাটি একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত ৬ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়ার বাসিন্দা লুৎফর শেখ (৫০), সোহাগ (২৬), উকিল মোল্লা (৫৫), জুয়েল মোল্লা (২৮) এবং কাদের মোল্লা (২৪)। গাংনালিয়া গ্রামের বাসিন্দা আরাফাত (২৪)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ‘চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
